চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকার একটি ময়লার স্তূপ থেকে সালমা আক্তার (৮) নামে এক মাদরাসাছাত্রীর বাক্সবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সালমা বাদুরতলা প্রি ক্যাডেট মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বাক্সবন্দি করে ময়লার স্তূপে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়ালি উদ্দিন জানান, মঙ্গলবার বাদুরতলা থেকে নিখোঁজ হয় সালমা আক্তার। অভিভাবকরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়রি করেন। বৃহস্পতিবার সকালে বাদুরতলা এলাকার নঈমীয় ভবনের নিকটবর্তী একটি ময়লার স্তূপে কাঠের বাক্স থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই বাক্স থেকে সালামা আক্তারের লাশ উদ্ধার করে।

