নিজস্ব প্রতিবেদক : আগামীতেও মেয়র হিসেবে দায়িত্ব পালনে ‘নীতিতে অটল’ থাকার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করোপরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মেয়র পদে দুই বছর পূর্তি উপলক্ষে ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘গত দুই বছরে নগরীর উন্নয়ন ও শৃঙ্খলামূলক কাজ করতে গিয়ে বিভিন্ন মহল থেকে নানাবিধ হুমকি-ধামকি ও প্রতিরোধ এসেছে। কিন্তু কোনো চাপে নতি স্বীকার করিনি, আগামীতেও করব না ইনশাল্লাহ।’
শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করেপারেশনের (ডিএসসিসি) নগর ভবনে মেয়র পদে দুই বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, সচিব খান মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন আরো বলেন, ‘নাগরিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ফুটপাতে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। নানাবিধ হুমকি-ধামকি, প্রতিরোধ এসেছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি। কর্মদিবসে ‘অফিস আওয়ারের’ পরে হকারদের ফুটপাতে বসার অনুমতিদানের জন্য সপ্তাহের নির্দিষ্ট দিন দিলকুশা, নবাবপুর রোড, মতিঝিল আইডিয়াল স্কুলসংলগ্ন স্থান, সেগুনবাগিচা ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ৫টি হলিডে মার্কেট চালু করা হয়েছে।

