নিজস্ব প্রতিবেদক : বিমানের ভেতরে পাওয়া ৬০ সোনার বার স্বেচ্ছায় জমা দেওয়ার মতো বিরল ঘটনায় দুই পরিচ্ছন্নতাকর্মীকে সম্মাননা দিচ্ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ইউএস বাংলা এয়ারলাইনসে কর্মরত এ দুই পরিচ্ছন্নতাকর্মী হলেন- মো. আব্দুল কাদের ও মো. আলমাস হোসাইন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। আজ বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেবেন।
গত ১ মে ইউএস বাংলা এয়ারলাইনসের দুই পরিচ্ছন্নতাকর্মী এয়ারক্রাফটের অভ্যন্তরে প্রাপ্ত ৬০টি স্বর্ণবার স্বেচ্ছায় রাষ্ট্রীয় হেফাজতে হস্তান্তর করেন। ওই দিন বিকেল ৪টায় বিমানটি অবতরণ করলে সিটের নিচে ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

