গাজীপুর প্রতিনিধি : বিচার না পেয়ে গাজীপুরের শ্রীপুরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যার ঘটনায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার এসআই মো. একলাছ উদ্দিন জানান, গত রাতে অভিযান চালিয়ে শ্রীপুর থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে ওই মামলার ২নং এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য, গত শনিবার সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় পালিত মেয়ে আয়েশা আক্তারকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শ্রীপুরের সিটপাড়া গ্রামে দিনমজুর হয়রত আলী।
হযরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ- তার মেয়েকে বাড়ির থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে ফারুক। এলাকার মানুষ টের পেয়ে ওই মেয়েকে রক্ষা করে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানিয়ে প্রতিকার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হয়রত আলী।
এ দিকে ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় হালিমা বেগম ওই ইউপি সদস্যসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। গত সোমবার ওই মামলায় আবুল হোসেনকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে রেলপুলিশ।

