নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। তত্ত্বাবধায়ক সরকারের মত বিএনপির এই দাবিও পূরণ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার মহান মে দিবসে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কথা বলেন। সংবিধান অনুয়ায়ী নির্ধারিত সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে কোনো দাবি না তুলে এতে অংশ নিতে বিএনপির প্রতি প্রস্তুতি নেয়ার আহ্বান জানান হানিফ।
হানিফ বলেন, ‘নির্বাচনকেকেন্দ্র করে অশুভ শক্তি তৎপর। তারা নানান সময়, নানান ফর্মূলা দিচ্ছে। গত কয়েকদিন ধরে তারা বলছেন, নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে হবে। এরা আগে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু এ তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছে। এ ফর্মূলা যে দেশে আর ফিরে আসবে না, সেটা বিএনপিও জানে। তাই এখন তারা নতুন নাম দিয়ে বলছে নির্বাচনকালীন সহায়ক সরকার।’
বিএনপির দাবি পূরণ হওয়ার নয় জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের সংবিধানের কোথাও নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়টি উল্লেখ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই। তাই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনার প্রস্তুতি নেন।’
হানিফ বলেন, ‘দশম জাতীয় নির্বাচনে যে ভুল করেছিলেন, সেই ভুল আবারও করলে তার খেসারত আপনাদেরই দিতে হবে। দেশের জনগণ সেই ভুলের খেসারত দেবে না। নির্বাচন কেন্দ্র করে যে কোন সহিংসতা মোকাবেলায় জনগণ প্রস্তুত আছে।’
আওয়ামী লীগ সব সময় শ্রমিকদের পক্ষে জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করছেন। যা অতীতে কোন সরকারই করতে পারে নাই।’
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষমতা এলে দেশের নজিরবিহীন উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এসে তারা হাওয়া ভবন, খাওয়া ভবনের মাধ্যমে নজিরবিহীন লুটপাট করে। তারা আরেকটি হাওয়া ভবনের মত খাওয়া ভবন তৈরি করার স্বপ্ন দেখছে এখন।’

