নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’র সম্প্রসারিত ৫ম পর্বে যুক্ত হতে দেশের ১৫ জেলার ২৪টি উপজেলায় মোট ৫১ হাজার ৩শ’ ২০টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় জমা পড়েছে ৬৫০টি আবেদন, ভোলা সদরে ১৪৫০টি, চাঁদপুরের কচুয়ায় ৬০২টি, হাজীগঞ্জে ৭৫৯টি ও মতলবে (দক্ষিণ) ৫০৩টি, শরিয়তপুর সদরে ৪৮১টি ও জাজিরায় ৫৪২টি, জামালপুরের বকশীগঞ্জে ৩৭১৮টি, জামালপুর সদরে ৭৪৮৮ ও মেলান্দহে ৭২৮৪টি, গাইবান্ধার সাঘাটায় ৩০৩৯টি ও সাদুল্লাহপুরে ৪৯৮৫টি, সিলেটের জকিগঞ্জে ৯৮০টি, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩৭৩৩টি ও হালুয়াঘাটে ৩১১২টি, রংপুরের তারাগঞ্জে ৩২৫১টি, সাতক্ষীরার আশাশুনিতে ২০১১টি ও কালিগঞ্জে ২৩৮৩টি, মৌলভীবাজারের জুড়িতে ৩০৩টি, বরিশাল সদরে ২৯৮৩, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩০২টি, খাগড়াছড়ির রামগড়ে ২৩৪টি ও মানিকছড়িতে ৩১৪ এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ২১৩টি আবেদনপত্র জমা পড়েছে।
আবেদনকারীদের মধ্যে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা যাদের বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক শুধুমাত্র তারাই যোগ্য বলে বিবেচিত হবেন।
বর্ধিত সময়সীমা অনুযায়ী গত ২৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত উল্লেখিত এলাকার যুবক ও যুব নারীদের আবেদনপত্র গ্রহণ করা হয়। বর্তমানে আবেদনপত্রগুলোর যাচাইবাছাই কার্যক্রম চলছে।
কর্মসূচিতে অন্তর্ভুক্তির প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট যুবক/যুব নারীকে ১০টি নির্ধারিত মডিউলে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের ২ বছরের জন্য সরকারের বিভিন্ন সেবাখাতে অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত করা হবে। কর্মসূচির জন্য নির্বাচিতরা ৩ মাস প্রশিক্ষণকালীন দৈনিক ১শ’ টাকা হারে প্রশিক্ষণভাতা এবং অস্থায়ী কর্মে সংযুক্তিকালীন দৈনিক ২শ’ টাকা হারে কর্মভাতা পাবেন। মাসিক প্রাপ্য ৬ হাজার টাকা কর্মভাতা হতে ২ হাজার টাকা মাসিক সঞ্চয় হিসেবে সংশ্লিষ্ট সুবিধাভোগীর নিজ নামে ব্যাংকে গচ্ছিত রাখা হবে এবং অস্থায়ী সংযুক্তি শেষে সুদসহ সমুদয় অর্থ ফেরত দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সনদ এবং অস্থায়ী কর্মে সংযুক্তি শেষে অভিজ্ঞতার সনদ যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রাপ্ত হবেন। কর্মকাল সমাপ্তি শেষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ থাকা সাপেক্ষে যুবক ও যুব নারীরা যুব উন্নয়ন অধিদপ্তর, জনতা ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। এ কর্মসূচির সংযুক্ত কার্যক্রম মন্ত্রিপরিষদ অনুমোদিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নীতিমালা দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে।

