বিনোদন প্রতিবেদক : তরুণ সুরকার ও সংগীত পরিচালক বনি আহমাদের সুর ও সংগীতে নতুন অডিও লেবেল টিয়ারা স্টুডিও নিয়ে এলো ‘মেলোডি উইথ বনি’। পাঁচটি চমৎকার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ডিজিটালি প্রকাশ করা হয়েছে ‘মেলোডি উইথ বনি’। অ্যালবামের গানগুলো শোনা যাবে টিয়ারা স্টুডিওর ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/watch?v=HAqxnmrHpLg)।
‘মেলোডি উইথ বনি’তে গান গেয়েছেন কণ্ঠশিল্পী লিমন চৌধুরী, শাওন গানওয়ালা, কেয়া রহমান ও শাকিলা শুক্লা। সংগীত পরিচালক বনি আহমাদ নিজে একটি গানে কণ্ঠ দিয়েছেন। অ্যালবামটির চারটি গান লিখেছেন টিএম সাব্বির। একটি গান লিখেছেন সাইফ হাসনাত।
অ্যালবাম প্রসঙ্গে সংগীত পরিচালক বনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় নিয়ে কাজগুলো করেছি। গানের কথা, সুর ও সংগীত নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। সব মিলিয়ে মানুষের ভালো লাগবে, এমন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছি। আমি শ্রোতাদের বলব গানগুলো একবার শুনে দেখতে। আশা করি তারা নিরাশ হবেন না।’
টিয়ারা স্টুডিওর কর্ণধার লিমন চৌধুরী অ্যালবামটি প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন ধরেই বনি আহমাদের কিছু গান আমরা রিলিজ করতে চেয়েছিলাম। সেই চাওয়ারই ফস ‘মেলোডি উইথ বনি’। ডিজিটালি প্রকাশ করায় আমরা আশা করছি গানগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। যারা ভালো বাংলা গান শুনতে চান অ্যালবামটি তাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
রাজধানীর বেসিস অডিটোরিয়ামে হয়েছে ‘মেলোডি উইথ বনি’র প্রকাশনা অনুষ্ঠান। এতে শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যালবামটির পৃষ্ঠপোষক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নার্ড ক্যাসেল লিমিটেডের সিইও জহিরুল ইসলাম তাইমুন এবং বিটবার্ডস সলিউশনের সিইও খন্দকার আলী আসগর পাভেল। এ ছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রায় ও বিডিজবসের কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর।
টিয়ারা স্টুডিওর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে জিপি মিউজিক এবং ই-টিউনসেও। পর্যায়ক্রমে আন্তর্জাতিক মিউজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও শ্রোতারা ‘মেলোডি উইথ বনি’ শোনার সুযোগ পাবেন।

