বিনোদন ডেস্ক : এ সময়ের ব্যস্ততম টেলিভিশন অভিনেত্রী তিতান চৌধুরী। সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার ব্যবহৃত আইডিটি এখন অন্যের দখলে বলে জানিয়েছেন তিতান।
এ প্রসঙ্গে তিতান চৌধুরী বলেন, ‘গত রোববার রাত থেকে আমার ফেসবুক আইডিতে ঢুকতে পারছি না। তারপর অনেক চেষ্টা করি এবং আইটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পারি আইডি হ্যাক হয়েছে। এ নিয়ে বেশ কষ্টে আছি কারণ আমার পেশাগত জায়গা থেকে বেশি সমস্যা হচ্ছে। অনেকের সঙ্গে কাজের বিষয়ে ফেসবুকে যোগাযোগ হতো তার সবই এখন বন্ধ রয়েছে। পরশু দিনও প্রতিষ্ঠিত একটি কোম্পানির সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছে। তাদের কাছে আমার ফোন নম্বর ছিল না। আমার কাছেও তাদের ফোন নম্বর নেই। আসলে বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যমও এটি। সব মিলিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছি।’
এ বিষয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন কিনা জানতে চাইলে তিতান বলেন, ‘এখনো এমন ঘটনা ঘটেনি। তবে অন্যের দখলে আমার ব্যক্তিগত আইডি থাকা মানে একটা ঝুঁকি তো থাকেই। এখনো আইডি ফিরে পাওয়ার চেষ্টা করছি। যদি না পাই তবে থানায় সাধারণ ডায়েরি করব।’
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিতান। তারপর অভিনয়গুণে পা রাখেন টেলিভিশন নাটকে। বর্তমান টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। একক নাটকের পাশাপাশি কাজ করছেন ধারাবাহিক নাটকেও। তিতান অভিনীত ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। উল্লেখযোগ্য হলো- চলিতেছে সার্কাস (বাংলাভিশন), ইনডিসিপ্লিন (আরটিভি), মেঘের পরে মেঘ জমেছে (বাংলাভিশন), নীড় খোঁজে গাঙচিল (এটিএন বাংলা), মন থেকে দূরে (এটিএন বাংলা) প্রভৃতি। এছাড়াও বেশ কয়েকটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিতান।

