বিনোদন ডেস্ক : ধারাবাহিকভাবে যৌনদৃশ্য, আপত্তিকর শব্দ, অডিও পর্নোগ্রাফি ব্যবহার এবং কিছু দৃশ্য সমাজের বিশেষ একটি অংশের জন্য স্পর্শকাতর, এই অভিযোগে লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমাটি নিষিদ্ধ করেছে ভারতীয় সেন্সর বোর্ড। এদিকে সিনেমাটি নিষিদ্ধ করায় সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা।
এ প্রসঙ্গে কঙ্কনা সেন শর্মা বলেন, ‘নারী হয়ে নারীদের গল্প বলাটা খুবই জরুরি। আমি মনে করি, লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমায় অলংকৃতা সেই কাজটি খুব ভালোভাবেই করেছেন। আমি খুবই বিরক্ত কারণ অন্য সিনেমাগুলো নিষিদ্ধ হয় না কিন্তু এই ধরনের সিনেমাগুলো নিষিদ্ধ হয়। কোনো সিনেমাই নিষিদ্ধ হওয়া উচিৎ না। সেন্সর বোর্ডের উচিৎ সিনেমার ছাড়পত্র দেওয়া। নারীরা নিজেদের কথা বলছেন এমন ধরনের সব সিনেমা আমাদের দেখা উচিৎ।’
ভারতে নিষিদ্ধ হলেও এরই মধ্যে টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘স্পিরিট অব এশিয়া’ এবং মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে নারী বৈষম্যের ওপর সেরা সিনেমা হিসেবে পুরস্কার লাভ করেছে সিনেমাটি। কঙ্কনা মনে করেন, একটি সিনেমা আন্তর্জাতিক পুরস্কার লাভ করছে কিন্তু মুক্তির জন্য বাধার মুখে পড়তে হচ্ছে এটি খুবই দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, ‘এটি খুবই হতাশাজনক। আমি মনে করি, এটি অপ্রয়োজনীয় বাধা। ভারতে এ ধরনের সিনেমা মুক্তিতে বাধার মুখে পড়ছে কিন্তু আন্তার্জাতিকভাবে সিনেমাগুলো পুরস্কার পাচ্ছে। এটি খুবই দুর্ভাগ্যজনক।’
‘দেখা যাক ট্রাইবুনাল কি সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতের জনগণ কি ধরনের সিনেমা দেখবেন এই পছন্দ তাদের উপর ছেড়ে দেওয়া উচিৎ।’ বলেন কঙ্কনা।
লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমাটি পরিচালনা করেছেন অলংকৃতা শ্রীবাস্তব। এতে কঙ্গনা সেন শর্মা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, সুশান্ত সিং, বিক্রান্ত, শশাঙ্ক আরোরা প্রমুখ।

