বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা আইরিন সুলতানার সঙ্গে জুটি বেঁধে ‘শেষ কথা’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা সমদর্শী দত্ত। সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
সিনেমা মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘‘শেষ কথা’ সিনেমার নির্মাণ কাজ শেষ করে সম্প্রতি সেন্সরে জমা দিয়েছি। সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেলেই মুক্তির দিনক্ষণ ঠিক করব। সব কিছু ঠিক থাকলে এ বছরই সিনেমাটি মুক্তি দিব।’’
প্রথমে সিনেমাটির শিরোনাম ‘বাষ্পস্নান’থাকলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘শেষ কথা’ রাখা হয়। গত বছর ১-২৫ এপ্রিল পর্যন্ত রাজশাহী, নাটোর, চাঁপাই নবাবগঞ্জসহ নানা জায়গায় এ সিনেমার টানা দৃশ্যধারণের কাজ হয়েছে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন করা হয়।
আইরিন-সমদর্শী ছাড়াও এতে অভিনয় করেছেন, মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, শিশুশিল্পী সৈয়দা সাবরিনাসহ অনেকে।
ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে ‘নাচোলের রানী’ সিনেমাটি নির্মাণ করেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। সিনেমাটি চলচ্চিত্র বোদ্ধাদের কাছে ও আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে গুণী এই নির্মাতা ‘গঙ্গাযাত্রা’ও ‘অন্তর্ধান’ নামে আরো দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। তার ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রটি জাতীয় (৮টি সেক্টরে) এবং আন্তর্জাতিক (৪টি সেক্টরে) পুরস্কার লাভ করে।

