নিজস্ব প্রতিবেদক : দেশের শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থান বা পরবর্তীতে স্বকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সম্প্রসারিত ৫ম পর্বে আগ্রহীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখের মধ্যে এ আবেদন করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত এ কর্মসূচির আওতায় পিরোজপুরের জিয়ানগর, ভোলা সদর, চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ ও মতলব (দক্ষিণ), শরিয়তপুরের জাজিরা ও শরিয়তপুর সদর, জামালপুরের বকশীগঞ্জ, জামালপুর সদর ও মেলান্দহ, গাইবান্ধার সাঘাটা ও সাদুল্লাহপুর, সিলেটের জকিগঞ্জ, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও হালুয়াঘাট, রংপুরের তারাগঞ্জ, সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ, মৌলভীবাজারের জুড়ি, বরিশাল সদর, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার যুব ও যুব নারীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী বেকার যুব/যুব নারীর বয়স ২৪-৩৫ বছরের মধ্যে এবং ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; তবে পার্বত্য জেলার মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, নাগরিকত্বের সনদপত্র, চারিত্রিক সনদপত্র, গেজেটেড কর্মকর্তা কর্তৃক ২ কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান/ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী/প্রতিবন্ধী হলে এর স্বপক্ষে সনদ সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনপত্রে ৩০ টাকার পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
কর্মসূচিতে অন্তর্ভুক্তির প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট যুবক/যুব নারীকে ১০টি নির্ধারিত মডিউলে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের ২ বছরের জন্য সরকারের বিভিন্ন সেবাখাতে অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত করা হবে। তবে এ সংযুক্তি সরকারি কোন স্থায়ী চাকরির নিশ্চয়তা প্রদান করবে না।
কর্মসূচির জন্য নির্বাচিতরা ৩ মাস প্রশিক্ষণকালীন দৈনিক ১শ’ টাকা হারে প্রশিক্ষণভাতা এবং অস্থায়ী কর্মে সংযুক্তিকালীন দৈনিক ২শ’ টাকা হারে কর্মভাতা পাবেন। মাসিক প্রাপ্য ৬ হাজার টাকা কর্মভাতা হতে ২ হাজার টাকা মাসিক সঞ্চয় হিসেবে সংশ্লিষ্ট সুবিধাভোগীর নিজ নামে ব্যাংকে গচ্ছিত রাখা হবে এবং অস্থায়ী সংযুক্তি শেষে সুদসহ সমুদয় অর্থ ফেরত দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সনদ এবং অস্থায়ী কর্মে সংযুক্তি শেষে অভিজ্ঞতার সনদ যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রাপ্ত হবেন। কর্মকাল সমাপ্তি শেষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ থাকা সাপেক্ষে যুবক ও যুব নারীরা যুব উন্নয়ন অধিদপ্তর, জনতা ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। এ কর্মসূচির সংযুক্ত কার্যক্রম মন্ত্রিপরিষদ অনুমোদিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নীতিমালা দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে।

