নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ একটি পৌরসভায় দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার/উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-কুড়িগ্রাম সদরে চেয়ারম্যান পদে মো. আমান উদ্দিন আহম্মেদ, নীলফামারীর জলঢাকার ভাইস চেয়ারম্যান পদে মো. মশিউর রহমান বাবু, পাবনার সুজানগরে চেয়ারম্যান পদে মো. আব্দুল কাদের রোকন, পাবনার ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহামুদা খাতুন, নাটোরের বড়াইগ্রামে চেয়ারম্যান পদে মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সাতক্ষীরার কলারোয়ায় ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, বাগেরহাটের মোড়েলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম, বরিশালের বানারীপাড়ায় চেয়ারম্যান পদে মো. গোলাম ফারুক, বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান পদে সৈয়দা মনিরুন নাহার মেরী, ঝালকাঠির কাঠালিয়ায় চেয়ারম্যান পদে মো. গোলাম কিবরিয়া সিকদার, পটুয়াখালীর রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে মো. দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জের হোসেনপুরে চেয়ারমান পদে মো. জহিরুল ইসলাম (নুরু), সিলেটের ওসমানীনগরে চেয়ারম্যান পদে আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা পারভীন, সুনামগঞ্জের জগন্নাথপুরে চেয়ারম্যান পদে মো. আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. হাজেরা বারী, কুমিল্লা আদর্শ সদরে চেয়ারম্যান পদে মো. আমিনুল ইসলাম, কুমিল্লার চৌদ্দগ্রামে ভাইস চেয়ারম্যান পদে এ বি এম এ বাহার, কুমিল্লা সদর দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার, খাগড়াছড়ির গুইমারায় চেয়ারম্যান পদে মেমং মারমা, ভাইস চেয়ারম্যান পদে মো. নুরুন্নবী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্না ত্রিপুরা।
এ ছাড়াও পৌরসভা নির্বাচনে পটুয়াখালী গলাচিপায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আহসানুল হক তুহিন।

