বিনোদন প্রতিবেদক : ক্ষুদে কণ্ঠশিল্পী আপন। কানাডায় তার জন্ম। সেখানেই পড়াশোনা শুরু করে সে। তবে বর্তমানে বাংলাদেশে কানাডিয়ান স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। গানের প্রতি তার আগ্রহ দেখে বাবা-মা তাকে গানের ওস্তাদের কাছে পাঠান। এরপর কয়েকটি গান গেয়ে শ্রোতাদের চোখে পড়ে। এরমধ্যে ক্রিকেটার মাশরাফিকে নিয়ে গাওয়া গানটি উল্লেখযোগ্য।
ক্ষুদে এ শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ মাতিয়েছে। তা ছাড়া বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছে। এবার এ শিল্পীর ‘ছোট্ট আমি হতে পারি’ শিরোনামের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। সিডি প্লাসের ব্যানারে এ অ্যালবামটি আগামী ১৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় মোড়ক উম্মেচন করা হবে বলে জানা গেছে।
এ আ্যালবামে মোট ৮টি গান রয়েছে। এরমধ্যে ‘মা’ শিরোনামের গানটি লিখেছেন সংগীতশিল্পী প্রীতম, ‘বাবা’ শিরোনামের গানটি লিখেছেন ডা. ইলা। এছাড়া সাংবাদিক হাসানের লেখা ছোটদের গান এবং অন্যান্য গান রয়েছে। এসব গানের সুর এবং মিউজিক করেছেন সারোয়ার, প্রীতম, ফিরোজ কবীর ডলার।
‘ছোট্ট আমি হতে পারি’ অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। ‘মা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। এছাড়া ‘বাবা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ডা. ইলা। এ মিউজিক ভিডিও দুটিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আপন এবং তার বাবা আলিমুল্লাহ খোকন, মা মমসহ পুরো পরিবার। এছাড়া আপনের ভাই আদর এখানে হোস্টেল রুমমেট, আর শিক্ষকের ভূমিকায় সংগীতশিল্পী প্রীতম এবং বিডি মিজু অভিনয় করেছেন।

