নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাচীনতম বিজ্ঞানী সমিতি বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (বাংলাদেশ এসোসিয়েশন ফর এডভান্সমেন্ট অব সায়েন্স)-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২০১৬-১৮ মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান সভাপতি এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসিমুল গনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. শফিউর রহমান।
সমিতির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)’র কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া; যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর)’র বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম; কোষাধ্যক্ষ বিসিএসআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আখতার হামিদ দেওয়ান। সদস্য হিসেবে আছেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামূল কবির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম ইমামূল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. জে. এম সিরাজুল করিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রওশোন আরা বেগম; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অলোক কুমার পাল; বিসিএসআইআর’র সাবেক পরিচালক মো. শহিদুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
সমিতির নতুন এবং পুরাতন নেতৃতবৃন্দের মতবিনিময় সভায় বিদায়ী সভাপতি অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ড. শহীদ আকতার হুসাইন বলেন, নবনির্বাচিত কমিটি সমিতির ভবিষৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অধিক ভূমিকা রাখতে সক্ষম হবে।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান মতবিনিময়কালে বলেন, আমাদের দেশের সন্তানদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে, তাদের মেধা বিজ্ঞান চর্চায় কাজে লাগাতে হবে। বিজ্ঞানের উৎকর্ষ সাধন হলে দেশ উন্নত হবে। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিজ্ঞান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নতুন সাধারণ সম্পাদক ড. মো. নাসিমুল গনি বিজ্ঞান উন্নয়ন সমিতির গঠনের প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বাংলাদেশে বিজ্ঞানের উন্নয়ন সাধনে যুগোপযোগী কর্মসূচি গ্রহণসহ অন্য দেশের বিজ্ঞানীদের সাথে মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নতির একমাত্র পথ হচ্ছে বিজ্ঞান; বিজ্ঞানের প্রসারের ফলে আজকে অমরা উন্নতি চরম শিখরে পৌঁছাতে পেরেছি। বর্তমানে বাংলাদেশে ডিজিটাল যুগের সূচনা হয়েছে। এ সব সম্ভব হয়েছে বিজ্ঞানের উন্নতির ফলে। এক্ষেত্রে বাংলাদেশের বিজ্ঞানীদের অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নতুন যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুল হক সাবেক কমিটির সফলতা নিয়ে আলোচনা করেন।

