লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে গলা কেটে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ওই স্বামীর নামে আবু তাহের। আর অভিযুক্তের নাম রাবেয়া বেগম।
চার দিন গুম করে রাখার পর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাহের রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চরপাতা গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাহেরের লাশ উদ্ধার করা হয়।
এর আগে ২৪ জানুয়ারি থেকে তাহের নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার। এ ঘটনায় ২৭ জানুয়ারি তার বড় ভাই নুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তকারী কর্মকর্তা তাহেরের বাড়িতে গিয়ে তার স্ত্রী রাবেয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই নুরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আমিন পাটোয়ারী জানান, আবু তাহেরের সঙ্গে তার স্ত্রী রাবেয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শেখ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

