পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন আটঘরিয়া থানার এসআই মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মদ জানান, ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটরসাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রামে যান। সেখানে একটি প্রাইভেটকারে থাকা আরোহীদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে দুই পুলিশ সদস্য আহত হন।

