নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে বিদেশি অতিথি, রাজনৈতিক কর্মী ও অন্যান্য অতিথিসহ ৫০ হাজার লোকের খাবারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপ-কমিটির বৈঠক এ কথা জানান তিনি। আগামী ২২ থেকে ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন সফল করতে এ কমিটি গঠন করা হয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই আয়োজনে আলাদা করে কোনো খাদ্যের ব্যবস্থা থাকবে না এবং বিদেশিদের জন্যও আলাদা করে কোনো খাবারের ব্যবস্থা করা হবে না।
মায়া জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ বিভাগের জন্য দুটি বুথ থাকবে এবং এছাড়া প্রত্যেক বিভাগের জন্য আলাদা করে খাদ্য সরবরাহের ব্যবস্থা থাকবে। বিদেশি প্রতিনিধিসহ অন্যান্য অতিথিদের জন্য মোট ১৫ টি বুথ থাকবে। প্রতিটি বুথে ২০ জন ফোর্স, ১০০ জন স্বেচ্ছাসেবক ও দুজন করে কেন্দ্রীয় নেতা থাকবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সম্মেলনে খাদ্য সরবরাহ নিয়ে কোনো বিশৃঙ্খলা, সংকট ও অসঙ্গতি যেন না থাকে সে বিষয়টি দেখা হবে এবং আমরা সেভাবেই কাজ করছি।
সম্মেলনের উদ্বোধনী দিন ২২ অক্টোবর দুপুর ও রাত এবং পরের দিন অর্থাৎ সম্মেলনের সমাপনী দিন ২৩ অক্টোবর দুপুরে অর্থাৎ মোট তিনবেলা খাবারের ব্যবস্থা থাকবে বলে মায়া জানান।
তিনি জানান, সম্মেলনের শেষ প্রস্তুতি সভা হবে ২০ অক্টোবর। সময় ও পরিস্থিতি বিবেচনা করে যদি পরিকল্পনায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় তাহসে সেটা করা হবে।
এসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ খাদ্য উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

