নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আর ১৩দিন বাকি। সম্মেলন প্রস্তুতি জোরেসোরে এগিয়ে চলছে। সম্মেলন উপলক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটি প্রতিদিনই আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠক করছে।
সম্মেলন প্রস্তুতির সার্বিক খোঁজখবর নিতে আগামী বুধবার সম্মেলন উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নেতাদের সাথে বসছেন বৈঠকে বসছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও দলের জাতীয় কমিটির সভা হবে আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। দলীয় নেতারা এ খবর নিশ্চিত করেছেন।
নেতারা জানান, রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সৈয়দ আশরাফের সঙ্গে সাক্ষাত করতে যান। সেখানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সদ্য ষোষিত কমিটি নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে আগামী বুধবারের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করেন সৈয়দ আশরাফ। এদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হবে। সম্মেলন উপলক্ষ্যে গঠিত সবগুলো উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের বৈঠকে থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দলের নেতারা বলেন, ‘সম্মেলনের সময় ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিন। বিভিন্ন উপ-কমিটি নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। বুধবারের বৈঠকে মূলত: সবকয়টি কমিটির কাজের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া সাংগঠনিক সম্পাদকরা তাদের তিন বছরের সাংগঠনিক রিপোর্টও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে পারেন ওইদিন। এছাড়া সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে যে কোন দুই দিন ধানমন্ডির নিজ রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই সৈয়দ আশরাফ সম্মেলন প্রস্তুতির সর্বশেষ তথ্য সম্পর্কে ধারণা পেতে চান।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘সম্মেলন প্রস্তুতির সার্বিক খোঁজখবর নিতে আগামী ১২ অক্টোবর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। দলীয় রেওয়াজ অনুযায়ী দলের সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠকও ডাকা হয়। তবে কয়েকদিন আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ অক্টোবর জাতীয় কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও এখন ওই তারিখ পরিবর্তন হয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সদস্য বলেন, ‘পরিবর্তিত তারিখ ১৫ অক্টোবরেই জাতীয় কমিটির বৈঠক হবে। দলীয় সভাপতির নির্দেশক্রমে সৈয়দ আশরাফ নতুন এই তারিখের কথা জানিয়েছেন। নতুন তারিখের বিষয়টি রোববার তিনি নিজ বাসভবনে আলোচনাকালে জানান।
প্রসঙ্গত, ৬ মাস পর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ চার বছর পর সম্মেলনের প্রায় এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণত জাতীয় কমিটির বৈঠক ডাকা হয়।
সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামী লীগের কঠিন সময়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগকে সুসংগঠিত করে তিনবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন।’
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন।

