গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী মনি বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে জয়দেবপুর থানার পুলিশ রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। জয়দেবপুর থানার এসআই আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গ্রেপ্তারকৃত গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সরদারকে শুক্রবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক বছর আগে মোস্তফা সরদার (৫৫) শিশুটিকে মাসিক ৫০০ টাকা বেতনে গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের বাড়িতে গৃহপরিচালিকা হিসেবে কাজে দেন। বিভিন্ন সময় ওমর ফারুক ও মনি বেগম ওই শিশুকে নির্যাতন করতেন। ঈদে নতুন কাপড় ও বাড়ি যেতে চাওয়ায় শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করেন তারা।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় শিশুটিকে তার বাড়ির পাশে ফেলে আসার সময় স্থানীয়রা মোস্তফা সরদারকে আটক করে। পরে তারা শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জিজ্ঞাসাবাদে শিশুটি তাদের জানায়, ওমর ফারুক দম্পতি বিভিন্ন সময় তাকে হাত-পা বেঁধে নির্যাতন করেন। মাথায় কোপ দিয়ে জখম করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক দম্পতি ও মোস্তফাকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

