
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরের শশই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৭ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

