নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ।আজ মঙ্গলবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার যৌথসভা শেষে মহানগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার চূড়ান্ত দিক-নির্দেশনা দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর ঢাকা মহানগরের দুটি কমিটির সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সূত্র জানান, ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মহানগর আওয়ামী লীগের উভয় অংশের খসড়া কমিটি জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনা ইতোমধ্যে উভয় কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার সরকারি বাসভবন গণভবনে সম্মেলন উপলক্ষে যৌথসভা শেষে দায়িত্বপ্রাপ্ত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেবেন। কারণ আগামীকালের যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা ছাড়াও উপদেষ্টাপরিষদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
রোববার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির বৈঠকে শুধু এই কারণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান। সেখানে তিনি এ কমিটির সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্নেল (অব.) ফারুক খানের সঙ্গে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে প্রয়োজনীয় কথা বলেন।
এ ব্যাপারে আজ কথা বলার জন্য সাদেক খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
রোববার রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের কমিটিতে পদপ্রত্যাশী এক নেতা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাকের বাসায় সাক্ষাৎ করতে যান। সেই নেতার বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার নেতা কালকে রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা করেন এবং তিনি যে দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হচ্ছেন, সেই বিষয়টি নিশ্চিত হয়েছেন। কারণ ড. রাজ্জাক ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সমন্বয়ক।’
এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত বলেন, ‘ঈদের আগে কমিটি দেওয়ার সম্ভাবনা আছে। আমি অসুস্থ। তাই আপনার সাথে বেশি কথা বলতে পারছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের প্রাক্তন এক নেতা বলেন, মহানগর আওয়ামী লীগের উভয় কমিটির সমন্বয়করা আওয়ামী লীগ সভাপতির কাছে কয়েকদিন আগে পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন। তাই তিনি (শেখ হাসিনা) আগামীকালের সভা শেষে দুই সমন্বয়কের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
তিনি জানান, উভয় কমিটিতে মহানগর আওয়ামী লীগের প্রাক্তন নেতা, প্রাক্তন ছাত্রনেতা, সহযোগী সংগঠনের নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। প্রবীণ ও নবীনের সমন্বয়ে কমিটি ঘোষণা করা হবে।
গত ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর কমিটিতে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ কমিটিতে আবুল হাসনাতকে সভাপতি এবং শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়।

