ঢাকাThursday , 1 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর দলটি বেশ কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয়ভাবে ও সারাদেশে স্থানীয়ভাবে আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালগুলোতে দলীয় পতাকা উত্তোলন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ সময় পবিত্র ফাতেহা পাঠ করবেন তারা।
বেলা ২টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানেও বিএনপি নেত্রী উপস্থিত থাকবেন। এতে দলটির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
এদিকে সারাদেশে মহানগর, জেলা, থানা-উপজেলা, পৌরসভা ও সকল ইউনিটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের এক পটভূমিতে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান।
প্রথমে তিনি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে বিভিন্ন দল ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন, যা পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে রূপান্তরিত হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে দলটি প্রথমবারের মতো সংকটে পড়ে।
তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার সাময়িক সময়ের জন্য সরকার ও দলের হাল ধরলেও ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাত্তারের ক্ষমতাচ্যুতির পর বিএনপি প্রকৃত অর্থেই অস্তিত্ব-সংকটের মুখে পড়ে। বিএনপির অনেক নেতাই জেনারেল এরশাদের সরকারে যোগ দেন।
দলের সেই সংকটকালে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত দলের কান্ডারির ভুমিকায় আছেন তিনি। দলের ষষ্ঠ কাউন্সিলে নিজে চেয়ারপারসন এবং ছেলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। দলের পরবর্তী কান্ডারি হিসেবে তারেক রহমানকেই বিবেচনা করছেন দলের নেতাকর্মীরা।