নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনতার ঐক্যের মাধ্যমেই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৭তম জন্মদিন উপলক্ষ্যে রোববার সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী ঘটনার কথা উল্লেখ করে গৃহায়ন মন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশেও জঙ্গি হামলা হচ্ছে। ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা হয়েছে। কিন্তু একমাত্র বাংলাদেশে এত অল্প সময়ের মধ্যে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ত্রাসবাদ মোকাবিলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘এরা ঐক্যের কথা বলে। কার সঙ্গে কার ঐক্য হবে। যারা বাংলা ভাই সৃষ্টি করেছে, যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে তাদের সঙ্গে ? তাদের সঙ্গে তো জনগণের ঐক্য হতে পারে না।’
মাননীয় প্রধানমন্ত্রী জনতার ঐক্যের ডাক দিয়েছেন। এই ঐক্য ইতোমধ্যেই শুরু হয়েছে। এই ঐক্য নিয়েই আমরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের অবসান ঘটাতে পারবো। কারণ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার সবকিছু করছে।’
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

