
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৬ উপলক্ষে মাগুরায় আয়োজিত র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে
নিজস্ব প্রতিনিধি : ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খান’ স্লোগানের মধ্য দিয়ে গত ৩১ জুলাই মাগুরায় শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। ‘প্রত্যেকে একটি করে ফলদ, বনজ, ওষধি গাছের চারা রোপণ করুন’-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার এই আহ্বানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেলার আয়োজন করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। মাগুরার জেলা প্রশাসক মুহাঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সৈয়দ শরীফুল ইসলাম, যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মঈনুদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (মাগুরা) পার্থ প্রতিম সাহা এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা ও উপজেলার পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পেয়ারা চাষি দিদার পেয়ারা চাষ করে তার স্বাবলম্বী ও সচ্ছল হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। সভা শেষে মাগুরার বিখ্যাত বাউল শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

