মানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যাকালীন সময় এবং বন্যাপরবর্তী পুনর্বাসনে দুর্গতদের পাশে থাকবে সরকার। যেখানে যা করা দরকার সরকার তাই করবে।
মঙ্গলবার দুপুরে জেলার ঘিওর উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্গতদের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন সিনিয়র নেতাকে প্রধান করে প্রতিটি জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী ঘিওর উপজেলার এক হাজার বন্যাকবলিত মানুষের মাঝে চাল ও নগদ টাকা তুলে দেন।

