নিজস্ব প্রতিবেদক : পুলিশ ও র্যাবের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, কল্যাণপুরের জঙ্গি ঘটনা নিয়ে আমরা রাজনৈতিকভাবে বিতর্ক করতে চাই না। এর জবাব জনগণই সমালোচনা করে দিচ্ছেন। কারণ, পুলিশ ও র্যাবের কোনো কর্মকাণ্ডই এখন তারা বিশ্বাস করেন না।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
বর্তমান সরকারকে দিয়ে জঙ্গি ও সন্ত্রাস দমন সম্ভব নয় উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘এই সরকারকে দিয়ে হবে না। কারণ তারা নিজেরাই সন্ত্রাসী ও জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।’
ইতিমধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি (শেখ হাসিনা) তো আপস ঠিকই করেছেন, তবে সাধারণ মানুষের সঙ্গে নয়, তৎকালীন গণবাহিনী সন্ত্রাসীদের প্রধান বর্তমান তথ্যমন্ত্রী ইনুদের সঙ্গে।’ সরকার জনগণকে ধোঁকা দিয়ে বিরোধী দলকে নির্মূল করছে বলে মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সহসভাপতি গোলাম সরোয়ার।

