বগুড়া প্রতিনিধি : জঙ্গি সংগঠন আইএসের নামে চিঠি দিয়ে বগুড়ার পীরগাছায় মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় আশরাফুল ইসলাম নামে সন্দেহভাজন এক কলেজছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক আশরাফুল গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামের কাবেজ উদ্দিনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে রাস্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ৩য় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরীকে হত্যার হুমকি দিয়ে জঙ্গি সংগঠন আইএসের নামে গত বুধবার একটি চিঠি দেয়া হয়। এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। শনিবার সকালে কে বা কারা একই ধরনের হুমকি দিয়ে আইএসের নামে আরেকটি চিঠি মন্দিরে রেখে আসে। এসময় কলেজছাত্র আশরাফুল ইসলামকে মন্দিরের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এদিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, এ ধরনের আটকের খবর থানা পুলিশের কাছে নেই। মন্দিরে চিঠি দিয়ে কেউ আশপাশে ঘোরাফেরা করবে এমনটি ঠিক নয়। স্থানীয় লোকজন কাউকে আটক করে থাকলে সেটা শত্রুতা বশত করতে পারে।

