রংপুর প্রতিনিধি : জেলার পীরগাছা উপজেলায় বজ্রপাতে তিনবু চন্দ্র বর্মণ (১৪) ও বিজয় চন্দ্র বর্মণ (১১) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের খরখরিরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিনবু চন্দ্র ও বিজয় চন্দ্র সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই।
স্থানীয় নিমাই মোহন্ত জানান, সকালে বৃষ্টি শুরু হলে ওই এলাকার বাদল চন্দ্র বর্মণের ছেলে তিনবু ও তার ভাই দীলিপ চন্দ্র বর্মনের ছেলে বিজয় বাড়ির সামনে খেলছিল। বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মনজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

