সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের গেণ্ডা এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান নামে এক প্রেমিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে গেণ্ডায় থেকে তাকে আটক করা হয়। ধর্ষক মনিরুজ্জামানের গ্রামের বাড়ি যশোরের কোতোয়ালি থানাধীন বাইদগাজী গ্রামে। সে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, কলেজছাত্রী ও আটক যুবক মনিরুজ্জামানের সঙ্গে পূর্ব পরিচয় ছিল। মনিরুজ্জামান কৌশলে ওই ছাত্রীকে গেণ্ডায় একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেন। তার ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

