গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনার মধুমতী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে বাঁধন (৭) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা পর স্থানীয়রা নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে।
নিখোঁজ শিশু বাঁধন যশোর সদরের ইতালিপ্রবাসী লিটন হোসেনের ছেলে।
এদিকে ঘটনার পর নিখোঁজ বাঁধনের মা আহাজারি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অসুস্থ অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাশিয়ানী থানার উপপরিদর্শক শাহ জামাল জানান, সকালে মধুমতী নদীর নড়াইল জেলার লোহাগড়া অংশের তীর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ১৬ জন যাত্রী পার হচ্ছিল। এ সময় নৌকাটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা পাড়ে এলে অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি উল্টে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধারকাজ চালিয়ে যাত্রীদের উদ্ধার করতে পারলেও বাঁধন প্রবল স্রোতে তলিয়ে যায়।
এ ঘটনার পর গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।
স্থানীয়রা জানায়, নৌকাডুবির পরপর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। এ সময় ৯-১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাদের ধারণা, এ ঘটনায় এখনো চার-পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার নিয়ামুল হুদা বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে খোঁজ শুরু করি। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় নদীতে নেমে খোঁজ করা সম্ভব হচ্ছে না। ওই শিশুকে উদ্ধারের জন্য খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কালনা ঘাটের উদ্দেশে রওনা দিয়েছে। তারা আসামাত্রই উদ্ধার অভিযান শুরু করা হবে।

