নিজস্ব প্রতিবেদক : গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ। আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। জানা গেছে, আলামত সংগ্রহ করার জন্যই তারা রেস্টুরেন্টে ঢুকেছেন। গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে রেস্টুরেন্টে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র জঙ্গি। তারা দেশি-বিদেশিদের জিম্মি করে। ঘটনার পর অভিযান চালাতে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন।জঙ্গিরা রাতেই তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্টুরেন্টে কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। একজনকে গ্রেফতার করা হয়। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। এদিকে জাপানের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করতে চাইলে তাদের অনুমতি দেওয়া হয়নি।

