
আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক ১ মাস মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৪০ জন যুব ও যুবনারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়
নিজস্ব প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের উদ্যোগে দেশব্যাপী আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক ১ মাস মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার যুব ও যুবনারীদের মধ্যে গতকাল ২৯ জুন বুধবার সনদপত্র বিতরণ করা হয়েছে। এতে উপজেলার ২০ জন যুবক ও ২০ জন যুবনারীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার চেয়াম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। অনুষ্ঠানে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতব্বর রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষক জবিউল পারভেজ দিলদার ও সহকারি প্রশিক্ষক আলমগীরও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী ১ মাস মেয়াদী কম্পিউটার বিষয়ক এ প্রশিক্ষণ কার্যক্রম গত ২ এপ্রিল-২০১৬ তারিখে শুরু হয়। ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামীণ জনবলকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করছে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুব/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ১০টি ল্যাপটপ, ১টি স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাদির দ্বারা এই ভ্যানগুলো সজ্জিত করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের এই কার্যক্রমে দেশের উপজেলা পর্যায়ে যুবক ও যুবনারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানা গেছে।

