নোয়াখালী প্রতিনিধি : সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে অজ্ঞাত (২৭) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব এওজবালিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন পূর্ব এওজবালিয়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি তারা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। তবে স্থানীয় লোকজন নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোনো স্থানে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।

