নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার সরকারকে ‘ইতিহাসের বিকলাঙ্গ শিশু’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
তিনি বলেন, ‘দেশ হিসেবে আমরা ছোট হলেও জাতি হিসেবে আমরা ছোট নই। মুসলমান শাসকেরাই দিল্লীতে বসে সাতশ বছর ভারত শাসন করেছে। দিল্লীর সেবাদাস হাসিনা সরকার ইতিহাসের বিকলাঙ্গ শিশু, খনিকের দুঃস্বপ্ন। সহসাই তা মিলিয়ে যাবে। প্রতিটি শহীদের প্রতিফোঁটা রক্তের হিসাব একদিন জনগণ নেবে।’
রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান।
জাগপা সভাপতি বলেন, ‘আফসোস, শেখ হাসিনা দম্ভ করে বলেছেন- তিনিই হেড অব দ্যা গভর্নমেন্ট। তিনি সবই জানেন। সব জানলে তাকেই বলতে হবে- ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অগণিত দেশপ্রেমিক মানুষ গুম-খুন হলেন কেমন করে? শাসক হিসেবে শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ এর জবাব না মিললেও প্রতিটি শহীদের প্রতিফোঁটা রক্তের হিসাব একদিন ইতিহাস ও জনগণ নেবে। কারণ, পাপ বাপকেও ছাড়ে না।’
শফিউল আলম প্রধান বলেন, ‘ছাত্রসমাজ ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই গণসংগ্রাম সফলতার মুখ দেখছে না। তাই আগামীর আন্দোলনের পূর্বে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে, তাহলেই সাফল্য আসবে।’
জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, ঈশা ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় ছাত্র খেলাফত, ইসলামী ছাত্রশক্তি, ইসলামী ছাত্র জমিয়ত, জাতীয় ছাত্রদল, ছাত্র কল্যাণপার্টি, বাংলাদেশ ছাত্র মিশন- এই দশটি সমমনা ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
এ সময় ২০ দলীয় জোট নেতাদের মধ্যে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

