নিজস্ব প্রতিবেদক : রমজানের পবিত্রতা রক্ষায় সাঁড়াশি অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।
রোববার ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমলের (কর্মপরিষদ) মাসিক বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলা হয়, রোজার ভাবগাম্ভীর্য নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামবিরোধী শক্তি এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।
নেতারা আরো বলেন, ইসলামবিরোধী শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষাআইন বাতিল করা না হলে দেশে ইসলামী শিক্ষা, মুসলিম জাতি সত্তার চেতনা এবং ইসলামের অস্তিত্ব বিপণ্ন হয়ে পড়বে। তাই দেশের তওহিদী জনতাকে সাথে নিয়ে ঈদের পরে আন্দোলন গড়ে তোলা হবে।
ড. মাওলানা ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদ, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা সাখওয়াত হুসাইন, কেন্দ্রীয অর্থ সম্পাদক মোস্তফা শহীদুর হক, মহানগর নায়েবে আমির মাওলানা ফারুক আহমদ, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা মুহিব্বুল্লাহ ভূঞা প্রমুখ।

