বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মগফর চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।
শনিবার সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মগফর চৌধুরী (৬০) মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের কুটি মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম জানান, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সঙ্গে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকরা লাঠিসোটা, ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে তাদের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় এনায়েত চৌধুরীর সমর্থকদের সড়কির আঘাতে প্রতিপক্ষ কাওসার চৌধুরীর বড় ভাই মগফর চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন জখম হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

