বগুড়া প্রতিনিধি : জেলার শেরপুর থেকে জেএমবি সদস্য সাগর আহম্মেদ রনিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার বাগানবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রনি রাজশাহী জেলার দাসমারী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পিবিআই।
পিবিআই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান জানান, শেরপুরে বাগানবাড়ী এলাকার একটি ছাত্রাবাসে সাগরসহ ৪/৫ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ সাগরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২১টি জিহাদি বই উদ্ধার করা হয়।
পিবিআই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত সাগর ঝালকাঠির বিচারক হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়া জেএমবি সদস্য মামুনের ছোট ভাই। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাগরকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

