সাভার প্রতিনিধি : নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে বাসচাপায় নারী নিহত হয়েছে। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা মহাসড়কটি প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসনা হেনা। মাদারীপুরের শিবচর থানাধীন হাজীপুর গ্রামের মৃত আজিত মুন্সীর মেয়ে। বর্তমানে স্বামী চাঁনমিয়া সিকদারের সঙ্গে গাজীরচর এলাকায় বসবাস করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে ডিইপিজেডের থেকে গাজীরচর যাচ্ছিল। তারা বাইপাইল এলাকা পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পিছনে থাকা গৃহবধূ মহাসড়কে ছিটকে পড়ে যায়। এ সময় পিছনে থাকা ঢাকাগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়কটি আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে জনতাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় ও নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। এ ঘটনায় একটি বাস আটক করা হয়েছে।
এদিকে, গত রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে বাসচাপায় কলেজ শিক্ষার্থীর নিহতের জের ধরে শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

