ময়মনসিংহ প্রতিনিধি : জেলার শহরতলীর ঘাঘড়া এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে সুলতান মিয়া (১৭) নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সুলতান স্থানীয় ডিকেজিএস ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তার বাড়ি সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামে।
তার বুকে দুটি আঘাতের চিহ্ণ রয়েছে। এ ঘটনায় পার্শ্ববর্তী পাড়াইল গ্রামের ফরহাদকে খুঁজছে পুলিশ। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, স্থানীয় ডিকেজিএস ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সুলতান মিয়াকে বেলা ১২টার দিকে তারই বখাটে বন্ধু ফরহাদ বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে বেরিয়ে যায়। এরপর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী তালতলা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় বাজারের লোকজন সুলতানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুলতানের বাবার অভিযোগ, পাশের পাড়াইল গ্রামের আব্দুল জ্বারের বখাটে ছেলে ফরহাদ তার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।

