স্পোর্টস ডেস্ক : লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রান পূর্ণ করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শেখ জামালের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করার পথে রেকর্ড বুকে নাম লেখান মোহামেডানের অধিনায়ক মুশফিক।
ডিপিএলের গত দুটি ম্যাচে সেভাবে কথা বলেনি মুশফিকের ব্যাট। এমনকি ওই দুটো ম্যাচে হেরেছিল মোহামেডান। বুধবার মুশফিকের ব্যাট ভালোই কথা বলল। দলের জয়ের সঙ্গে লিস্ট ‘এ’ক্রিকেটের ছয় হাজার রানের মাইলফলকেও স্পর্শ করলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। বুধবার মিরপুরে ব্যাটিংয়ের নামার আগে মাইলফলক থেকে মাত্র ১৮ রান দূরে ছিলেন মুশফিক। মুক্তার আলীর বলে একস্ট্রা কাভারে সিঙ্গেল নিয়ে ৬ হাজারি ক্লাবে পৌঁছান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২০ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৬ হাফসেঞ্চুরিতে ৬০৪৮ রান সংগ্রহ করেন মুশফিক।
চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে এ বাঁহাতি ওপেনারের রান ৬১৭২। লিস্ট ‘এ’ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পরই অবস্থান সাকিব আল হাসানের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ হাজার ৩২৪ রান সংগ্রহ করেন বাঁহাতি এই অলরাউন্ডার ।

