স্পোর্টস ডেস্ক : আষাঢ় মাস শুরু হতে এখনও সপ্তাহ খানেক বাকি আছে। তার আগে থেকেই শুরু হয়েছে আষাঢ়ে বৃষ্টি। মঙ্গলবার রাতভর হয়েছিল জুম বৃষ্টি। ফলে সাভারের বিকেএসপিতে লিজেন্ড অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার বুধবারের ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই এ ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আগের দিনের বৃষ্টির সঙ্গে বুধবার সকাল থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। যে কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। যদিও বুধবার সকালে সাভারের বিকেএসপিতে যথারীতি রূপগঞ্জ ও ব্রাদার্সের খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত ছিলেন। কিন্তু বিকেএসপির তিন নাম্বার মাঠের কিছু কিছু জায়গা ভেজা ছিল। তবে সকাল থেকে ম্যাচের দুই আম্পায়ার জাহাঙ্গীর আলম ও রিজওয়ান পারভেজ মাঠ পরিদদর্শ করতে থাকেন। পরে বেলা ১২টায় ম্যাচ রেফারি মন্টু দত্ত বুধবার খেলা বাতিল বলে ঘোষণা দেন। ফলে ম্যাচটি সংরক্ষিত দিনে গড়াল।
বৃহস্পতিবার ব্রাদার্সের বিপক্ষে রূপগঞ্জ জয় পেলে ১৫ পয়েন্ট নিয়ে তারা থাকবে পয়েন্ট তালিকার শীর্ষে। সেদিক থেকে রূপগঞ্জের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ফতুল্লায় বুধবার ভিক্টোরিয়া-গাজী গ্রুপ ক্রিকেটার্সের লড়াইয়ের কথা থাকলেও ম্যাচটি একদিন পিছিয়ে বৃহষ্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ দুটি ম্যাচ দিয়ে আগামীকাল শেষ হচ্ছে ওযালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্ব। এর পর সেরা ছয় দলকে নিয়ে হবে সুপার লিগ।

