স্পোর্টস ডেস্ক : ত্রি-দেশীয় সিরিজের লড়াই জমে উঠেছে। প্রথম ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু হারল দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচে জিতছিল অস্ট্রেলিয়া, হারল তৃতীয় ম্যাচে। আর প্রথম ম্যাচে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা জয়ের দেখা পেল তৃতীয় ম্যাচে। ফলে তিন দলই একটি করে জয় তুলে নিয়ে ত্রি-দেশীয় সিরিজের গায়না পর্ব শেষ করল।
মঙ্গলবার রাতে গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে বোনাস পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষ স্থান দখল করেছে প্রোটিয়ারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে বোনাস পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে তারা। আর জয় দিয়ে লড়াই শুরু করা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ কোনো বোনাস না পাওয়ায় চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে।
ত্রি-দেশীয় সিরিজে প্রথম পর্বে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গায়নার পর্বের তিন ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। এবার সেন্ট কিটস পর্ব শুরু হবে। তারপর শুরু হবে বার্বাডোজ পর্ব। ফাইনাল ম্যাচটিও হবে বার্বাডোজে।
মঙ্গলবার রাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রান সংগ্রহ করতে পারে তারা।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এরপর এক এক করে উইকেট হারাতে থাকে দলটি। তৃতীয় উইকেটে হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সে ৪০ রানের জুটি সর্বোচ্চ জুটি।
তবে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন বেহারদাইন। ৬২ রান করে আউট হয়েছেন তিনি। ৮২ বরে চারটি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন। ওপেনার হাশিম আমলা রান আউট হওয়ার আগে করেছেন ৩৫ রান। এছাড়া ডি ভিলিয়ার্সের ২২ রান উল্লেখযোগ্য স্কোর।
অস্ট্রেলিয়ার সেরা বোলার হ্যাজেলউড ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। কুল্টার নিল সমান ওভারে ২ উইকেট পেলেও ৩৮ রান দেন। আর গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।
ব্যাটসম্যানরা বেশি সাফল্য দেখাতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বোলাররা দাপট দেখিয়েছেন। তাদের বোলিং ঝড়ে ৩৪.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
এর মধ্যে উদ্বোধনী জুটির অ্যারোন ফিঞ্চ একাই ৭২ রান করেন। ১০৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় এই স্কোর করেন তিনি। শেষ দিকে নাথান লিয়ন ৩১ বলে ৩০ রান করেন। আর হ্যাজেলউড ১১ রান নিয়ে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে প্রথম উইকেট হারানো অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা মাঠে আসা যাওয়া করেছেন। ফিঞ্চ ২২ গজের এক প্রান্ত থেকে রানের চাকা ঘুরানো চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে বিদায় নিয়েছেন ওয়ার্নার (১), ওসমান খাজা (২), স্টিভেন স্মিথ (৮), ম্যাক্সওয়েল (৩), মিশেল মার্শ (৮), ম্যাথু ওয়াড (২), কুল্টার নিল (০), জাম্পা (০)।
নবম উইকেটে বিদায় নেন ৭২ রান করা ফিঞ্চ। আর শেষ উইকেট হিসেবে বিদায় নেন ৩০ রান করা লিয়ন।
দক্ষিণ আফ্রিকার বোলার রাবাদা সাত ওভারে ১৩ রান দিয়ে পান তিন উইকেট। দুটি করে উইকেট নেন ইমরান তাহির, পারনেল ও ফাঙ্গিসো। বাকি উইকেটটি শিকার করেন তাবারুজ শামসি।

