নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গত পরশু চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার কাছে কিছু তথ্য ও আলামত এসেছে। এতে প্রতীয়মান হয়, চট্টগ্রামে সন্ত্রাসী, জঙ্গিবাহিনীর, জামায়াত-শিবিরের আস্তানা ওই পুলিশ কর্মকর্তা ভেঙে দিয়েছিলেন। প্রতিশোধের জন্য এ আঘাত হেনেছে তারা। এ হত্যাকারীদের খুঁজে বের করে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না দেখাতে পারে।
মঙ্গলবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ৬ দফা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, খালেদার মুখে এমন শোক প্রস্তাব মানায় না। আপনার পেট্রলবোমার সন্ত্রাস মানুষ এখনও ভুলেনি। তখন ২৭১ জনের প্রাণহানি ঘটেছিল। তখন তো আপনি ওই মানুষগুলোর জন্য শোক প্রকাশ করেননি। তাহলে কি ধরে নেব, ওই হত্যাকাণ্ডগুলো আপনার নেতৃত্বে ঘটেছিল বলেই আপনি শোক জানাননি?
খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, আপনি বলেছেন, রাজনীতিকদের জন্য দেশে রাজনীতি করার পরিবেশ নেই বলেই হত্যা-খুনের ঘটনা ঘটছে। তাহলে কি দেশের জনগণ ভাববে, রাজনীতি করার পরিবেশের ধোয়া তুলে আপনারা এসব হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন। তাহলে কি আপনারা এসব হত্যার দায় স্বীকার করে নিচ্ছেন?
তিনি বলেন, আপনারা যখন খুশি তখন কর্মসূচি পালন করছেন। আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে তো কোনো বাধা নেই। বাধা আছে শুধু পেট্রলবোমা, মানুষ পুড়িয়ে হত্যা করায়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্ল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

