নিজস্ব প্রতিবেদক : যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের সমর্থন আদায়ের পরিবর্তে বেছে নিয়েছেন গুপ্তহত্যাসহ গণবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড।
মঙ্গলবার রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের মানুষের অন্তরের কথা বুঝতেন বলেই তার ছয় দফা মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়। তার পূর্বে অনেক বড় বড় নেতা এদেশে নেতৃত্ব দিলেও মানুষের মনের কথা বুঝতেন না বলেই তারা মানুষের অধিকার আদায়ে সফলতা পায়নি।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের মনের কথা বুঝেন বলেই তিনি আজ সারা বিশ্বের নন্দিত ও সফল রাষ্ট্রনায়ক। দেশের মানুষের সবচেয়ে আপনজন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, জনগণের মন ও চোখের ভাষা বুঝতে পারেন না বলেই খালেদা জিয়া বারবার জনগণ থেকে দূরে সরে গেছেন। এ জন্যই তিনি জনগণের সমর্থন আদায়ের পরিবর্তে তাকে বেছে নিতে হয়েছে গুপ্তহত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোসহ গণবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডকে।
ছয় দফা দিবসে খালেদা জিয়াকে সন্ত্রাসের পথ পরিহার করে গুপ্তহত্যা, বিদেশি নাগরিকদের ওপর হামলা, পুলিশের স্ত্রী হত্যা, সংখ্যালঘু হত্যা বন্ধ করার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাইনউদ্দিন রানা প্রমুখ।
সভা পরিচালনা করেন যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

