নিজস্ব প্রতিবেদক : একটা লাশ ফেলে সরকার উৎখাতের ইস্যু সৃষ্টির জন্যই মন্ত্রীর বাসার সামনে নার্সদের ব্যবহার করে বিক্ষোভ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
নার্সরা কেন তার বাড়ির সামনে আন্দোলনে যাবেন? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বাড়ি। কোনো আন্দোলন দরকার হলে সেটা সরকারি বাসভবনের সামনে যেতে পারতেন। আমি জেনেছি ওখানে নার্সদের নামে ভাড়াটিয়া নার্স ছিল অর্ধেকেরও বেশি। আসলে তারা হেফাজতে ইসলামের মতো করতে চেয়েছিলেন। কোন মতে মন্ত্রীর বাড়ির সামনে একটা লাশ ফেলতে পারলে সেটা নিয়ে সরকার উৎখাতের আন্দোলনের নামতে পারবেন। এই আন্দোলনের নামে মন্ত্রীর বাড়ির সামনে তারা লাশ চেয়েছিলেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। চক্রান্ত বন্ধ হয় নাই। ওরা একটা লাশ চেয়েছিল। নার্সদের আন্দোলন অনেকে স্বাভাবিক মনে করেছিল। বাংলাদেশের নিয়ম অনুযায়ী পিএসসি মর্যাদা পেতে হলে বিসিএস দিতে হবে। আমার ব্যক্তিগত বাসা ঘেরাও করেছিল।’
নার্সরা কখনোই কোন যুক্তি বা সমঝোতায় আসতে চায়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাদের উদ্দেশ্যে কি? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের মিটিং করার ব্যবস্থা করে দিয়েছিলাম।’
প্রচার ও প্রকাশনা উপ পরিষদ চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন দলটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ।

