নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মোবাইল ফোন ব্যবহার না করাকে এনালগ কথা বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছেন মোবাইল ব্যবহার করেন না। তার সিম নেই। এটা এনালগ কথা। একটি বড় রাজনৈতিক দলের প্রধানের এ কথা মানায় না।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভায় তিনি এই মন্তব্য করেন। ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সিম নিবন্ধন করেননি। এটা জনগণের জন্যও দুঃখজনক। যদি তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে মনে করেন, তাহলে ভ্যাট-ট্যাক্স দিয়ে নতুন সিম বায়োমেট্রিক করে নেবেন। কারণ জনগণের নিরাপত্তার দিক বিবেচনা করে সিম বায়োমেট্রিকের উদ্যোগ নিয়েছেন। কিন্তু খালেদা জিয়া তা অবজ্ঞা করেছেন। তবে এখনো তার (খালেদা জিয়া) জন্য সেই পথ উন্মুক্ত আছে।
প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। আর সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

