নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ক্বারী মোহাম্মদ ইব্রাহিম (৪৩) নামে এক মসজিদের খাদেমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৩টায় চাষাড়া নূর মসজিদে এ ঘটনা ঘটে। পরে খাদেমকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
সোনারগাঁও উপজেলার ক্বারী মোহাম্মদ ইব্রাহিম প্রায় ২২ বছর ধরে ওই মসজিদের খাদেম হিসেবে কর্মরত।
আহত ইব্রাহিম জানান, রাতে তিনি ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময়ে তিনজন অপরিচিত যুবক মসজিদের পাশে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। এ সময় তিনি চিৎকার দিলে মসজিদের বাইরে থাকা নৈশ প্রহরী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ইব্রাহিম আরো জানান, তার এমন কোনো শত্রু নাই যে তাকে এভাবে মারধর কিংবা ধারালো অস্ত্র দিয়ে কোপাবে। কী কারণে কারা এটা করলো সেটাও বুঝতে পারছেন না তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর ইসলাম বলেন, ‘তারা ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

