সাভার প্রতিনিধি : আশুলিয়ার তৈয়বপুর এলাকার তুরাগনদীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ২২ থেকে ২৪ বছর।
মঙ্গলবার ভোরে অজ্ঞাত এই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়ছে। মৃতদেহ দেখে মনে হয়েছে অন্তত তিন চারদিন আগে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে। মৃতদেহটি একটি প্লাস্টিকের বস্তার মধ্যে শাড়ি দিয়ে পেঁচানো অবস্থায় ছিল ও বস্তার ভিতরে কয়েকটি ইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারী মৃতদেহ গুম করার উদ্দেশ্যে ইট দিয়ে বস্তা পানিতে ভাসিয়ে দিয়েছে। যাতে করে লাশটি ভেসে না উঠে।
এ বিষয়ে আশুলিয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

