রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার কাঞ্চনপুর গ্রামে গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় ওই গ্রামের মানুষের বাসাবাড়িতে থাকা ফ্রিজে সংরক্ষিত খাবার, পরীক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্টসহ প্রায় ১০ হাজার গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই ৩ থেকে ৪ দিন বিদ্যুৎ থাকে না ওই গ্রামে। গ্রামটি পৌর শহরের কাছাকাছি থেকেও বিদ্যুতের সমস্যায় ভুগতে হয়। গত বৃহস্পতিবার থেকে ৫ দিন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করলেও তারা দেখছি দেখছি বলে আসেনা। এনিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অকর্মা বিদ্যুৎ এর ডিজিএম অফিসে বসে থেকে কর্মচারীদের গ্রামে পাঠিয়ে রাত ১২টা পর্যন্ত গাধার মতো খাটায় বলে ওয়ার্ড কাউন্সিলর মন্তব্য করেন।
মঙ্গলবার সকালে সাবেক কাউন্সিলর স্বপন পাটওয়ারী, শহীদ পাটওয়ারী, তোফায়েল ভূঁইয়াসহ গ্রামবাসীরা অভিযোগ করে জানায়, এশিয়ার বৃহত্তম ফিস হ্যাচারি ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন পশ্চিম কাঞ্চনপুর বাকশি বাড়ি এলাকায় গত বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ফ্রিজে সংরক্ষিত খাবার, পরীক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্টসহ শিশু ও অসুস্থ বৃদ্ধসহ প্রায় ১০ হাজার গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। অথচ আশপাশের এলাকায় পরের দিন থেকে বিদ্যুৎ সরবরাহ রয়েছে।
তারা আরো জানায়, বিদ্যুৎ এর ডিজিএমসহ কয়েকজন কর্মকর্তা মিটার সংযোগের নামে দালালদের মাধ্যমে হাজার হাজার টাকা ঘুষ বাণিজ্য মেতে থাকে এবং বিদ্যুৎ বিল পরিশোধ একমাস দেরি হলেই লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গ্রাহকের বাড়িতে চলে আসে। বিদ্যুৎ চমকালে বা বৃষ্টি হলে এই এলাকায় ৩ থেকে ৪ দিন ধরে বিদ্যুৎ থাকে না।
এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে একই অবস্থা বিরাজ করছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ এবং শহরের সাথে সংযোগ দেয়ার জন্য দাবি জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা।
পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল কবির মনির জানান, বিদ্যুৎ এর ডিজিএম একজন অকর্মা কর্মকর্তা। নিজে অফিসে বসে থেকে কর্মচারীদের গাধার মতো খাটায়। উপজেলায় লোকবল কম থাকায় গ্রামে কোনো সমস্যা হলে অল্প সংখ্যক কর্মী দিয়ে সমস্যা সমাধান সম্ভব হয়না।
রায়পুর পল্লী বিদ্যুত এর ডিজিএম রক্ষিত চন্দ্র শীল জানান, রোয়ানুর প্রভাবে গ্রামের গাছপালাগুলো উপড়ে পড়ায় বিদ্যুতের তার ছিড়ে গেছে। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ দিতে দেরি হচ্ছে। অন্য অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন তিনি।

