চট্টগ্রাম প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মোহাম্মদ মহসীন (৪২) নামে সমর্থক খুন হয়েছেন। তিনি বিদ্রোহী প্রার্থী সিরাজুদ্দৌল্লাহ দুলালের নির্বাচনী কাজে গিয়ে নিজ এলাকায় গতকাল রাতের কোনও এক সসময়ে এ খুনের শিকার হন।
মঙ্গলবার সকাল দশটার দিকে ইসলামপুর ইউনিয়নের খতিব নগর ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ মহসীন একই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ূন কবীর বলেন, ‘গতকাল রাতের কোনও এক সময়ে এক ইউপি প্রার্থীর নির্বাচনী কাজে গিয়ে খতিব নগর ব্রিজের পাশে খুন হন মহসীন। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ভারী কোনও বস্তু দিয়ে তাকে খুন করা হয়েছে। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় কেউ আটক নেই, বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হন বর্তমান চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সদস্য সিরাজুদ্দৌল্লাহ দুলাল।
বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, সরকারী দলীয় প্রার্থীর বাধা ও হুমকির কারণে রাতের আঁধারে চুরি করে পোস্টার লাগাতে গেলে তাকে নৌকার প্রার্থীর লোকজনই খুন করে। মহসীনের মরদেহ উদ্ধারের সময় তার মোবাইল, নোটবুকের পাশাপাশি সিরাজুদ্দৌল্লাহর বেশ কিছু পোস্টার, লিফলেট ও রশি উদ্ধার করেছে পুলিশ।

